অধ্যাপক জামালকে সিন্ডিকেট সদস্য করার প্রস্তাব সাবেক ছাত্রদল ও জাকসু নেতাদের

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম
অধ্যাপক জামালকে সিন্ডিকেট সদস্য করার প্রস্তাব সাবেক ছাত্রদল ও জাকসু নেতাদের

সূত্রঃ ফাইল ছবি

জাবি প্রতিনিধি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, বর্তমান সিনেট সদস্য ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন রুনুকে রাষ্ট্রপতি মনোনীত সিন্ডিকেট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।


জাবি শাখা ছাত্রদলের সাবেক শীর্ষ নেতৃবৃন্দ এবং জাকসুর সাবেক প্রতিনিধিরা যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ সুপারিশ করেছেন।


উপাচার্য বরাবর দেওয়া প্রস্তাবনায় অধ্যাপক জামাল উদ্দিন রুনুর দীর্ঘদিনের রাজনৈতিক, একাডেমিক, প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ১৯৮৯ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে ১৯৯২ থেকে ১৯৯৫ মেয়াদে এবং ২০২৩ সাল থেকে পুনরায় নির্বাচিত সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।


বর্তমানে অধ্যাপক জামাল উদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।


চিঠিতে বলা হয়, ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পকে ঘিরে দুর্নীতিবিরোধী ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ আন্দোলনে অধ্যাপক জামাল অন্যতম সংগঠক ছিলেন। এছাড়া ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভারকেন্দ্রিক আন্দোলনের শুরু থেকে ৫ আগস্টের লংমার্চ পর্যন্ত শিক্ষার্থীদের সংগঠিত করা এবং আন্দোলনের ৯ দফা দাবি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে প্রস্তাবনায় দাবি করা হয়।


এ ছাড়া ২০২৪ সালের আগস্টে ফেনীর বন্যায় ত্রাণ বিতরণ, শিক্ষার্থীদের সহায়তায় ‘দান নয়, ধার’ উদ্যোগ এবং পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বের বিষয়টিও সুপারিশপত্রে উল্লেখ করা হয়েছে।


প্রস্তাবনায় অধ্যাপক জামাল উদ্দিন রুনুর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও কর্মকাণ্ড বিবেচনায় তাঁর নাম রাষ্ট্রপতির কাছে মনোনীত সিন্ডিকেট সদস্য হিসেবে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


সুপারিশপত্রে জাবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক এবং জাকসুর সাবেক শীর্ষ নেতারা স্বাক্ষর করেছেন।


প্রস্তাবকারীদের মধ্যে রয়েছেন—সাবেক জাকসু ভিপি ও জাবি শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আশরাফ উদ্দিন খান, জাকসুর সাবেক এজিএস ও শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল আউয়াল মোল্লা, জাকসুর সাবেক জিএস কে. এম. রাশেদুল হাসান, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জাকসুর সাবেক জিএস মোহাম্মদ শামছুল, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আরমান, সাবেক সভাপতি ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, আবু সাঈদ ভূঁইয়া ও আসাদ উল্লাহ আসাদ, জাকসুর সাবেক এজিএস মোখলেছুর রহমান বাদল, সাবেক সভাপতি সোহেল রানা, মো. আশরাফুল আলম, মো. সাইফুল হক ও মো. সাবির হোসাইন, সাবেক জাকসু ভিপি মো. মাসুদ হাসান লিটন এবং জাবি শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ড. মো. তৌফিকুল ইসলাম।