এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ এএম
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সংহতি ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।


ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এসডিজি অর্জনে বিশ্ব এখনো অনেক পিছিয়ে রয়েছে। এ অবস্থায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।


এসডিজি বাস্তবায়নের গতি বাড়াতে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দেন।


প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।


উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে। অধিবেশনের উচ্চপর্যায়ের কার্যক্রম সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে।