সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ এএম
সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।


শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের দিকে যাচ্ছেন তারা। একটি শব্দ শোনা গেলেও ঠিক কোন স্থান থেকে তা এসেছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।


বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা জানান, কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের নির্জন এলাকায় ককটেল বিস্ফোরণটি ঘটে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল জোরদার করা হয়েছে।