চবিতে দর্শনার্থীকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই শিক্ষার্থী আটক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম
চবিতে দর্শনার্থীকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই শিক্ষার্থী আটক

সূত্রঃ বিডি মেইল

আহমেদ মুনহা,  চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দর্শনার্থীকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়, মারধর ও ব্ল্যাকমেইলসহ পৃথক অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে তাঁদের হাটহাজারী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাঁদের আটক করে। পরে পৃথক অভিযোগের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আটক দুই শিক্ষার্থী হলেন—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শিমুল ফকির এবং একই শিক্ষাবর্ষের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ফাহিম আহমেদ অপি। তাঁদের বিরুদ্ধে ভুক্তভোগীরা প্রক্টরের কাছে পৃথক ছয়টি অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।


কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারীর শিক্ষার্থী মো. আসহাব উদ্দিন অভিযোগ করেন, শনিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝরনা এলাকায় ঘুরতে গেলে শিমুল ফকির ও তাঁর দুই সহযোগী তাঁকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁর কাছ থেকে জোরপূর্বক নগদ ১৫০ টাকা এবং বিকাশের মাধ্যমে ১ হাজার ২০ টাকা নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা এ ঘটনার কথা স্বীকার করেছেন বলে প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে।


অন্য একটি অভিযোগে বাগেরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ শিমুলের বিরুদ্ধে নারীদের হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ করেছেন।


এদিকে চবি ল্যাবরেটরি কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন অভিযোগ করেন, গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের পূর্ব পাশের সেতু এলাকায় শিমুল ফকির ও ফাহিম আহমেদ অপি তাঁকে ডেকে মারধর করেন। এ সময় তাঁর চোখে আঘাত করে রক্তাক্ত করা হয়। পরে তাঁর ছবি তুলে ব্ল্যাকমেইলের হুমকি দেওয়া এবং পকেট থেকে মুঠোফোন নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) আইন ও মানবাধিকার সম্পাদক রাব্বি তাওহিদ বলেন, এক বহিরাগত দর্শনার্থীকে ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ পাওয়ার পর তাঁরা ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কাছে থাকা ছবি দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো হয়।


তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দর্শনার্থীদের আটকে টাকা নেওয়া, মারধর, মুঠোফোন কেড়ে নেওয়া ও ফোনের তথ্য পরীক্ষা করার অভিযোগ রয়েছে। এ ছাড়া বহিরাগত তরুণ-তরুণীদের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায় এবং নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগও পাওয়া গেছে।


বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর খাইরুল ইসলাম সুজন বলেন, শনিবার বিকেলে এক পর্যটক চবি ঝরনা এলাকায় গেলে তাঁর ছবি ও ভিডিও ধারণ করে নগদ ১৫০ টাকা এবং বিকাশের মাধ্যমে ১ হাজার ২০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে ভুক্তভোগী থানায় মামলা করলে অভিযুক্তদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।


এ সময় চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক রাব্বি তাওহিদ, নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান ও আদনান শরীফ উপস্থিত ছিলেন।