কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, যাত্রীদের মধ্যে আতঙ্ক
সূত্রঃ সংগৃহীত
এ আর সুমন
রাজধানীর ব্যস্ততম কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা যায়, রাতে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। এর মধ্যে রাত সাড়ে ১০টার দিকে ২ নম্বর প্ল্যাটফর্মের অপেক্ষাকৃত নির্জন অংশ থেকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলওয়ে পুলিশের (জিআরপি) সদস্যরা। পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরাও সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে স্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা বাংলাদেশ মেইল ২৪-কে বলেন, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে পুলিশের টহল বাড়ানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর স্টেশনের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে প্ল্যাটফর্ম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।








