গণমাধ্যম এড়িয়ে চলার অভিযোগ ডিসির বিরুদ্ধে

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১২:১৯ পিএম
গণমাধ্যম এড়িয়ে চলার অভিযোগ ডিসির বিরুদ্ধে

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি



কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের বিরুদ্ধে সংবাদকর্মীদের ফোন রিসিভ না করা এবং ক্যামেরার সামনে বক্তব্য দিতে অনীহা প্রকাশের অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, উন্নয়ন, সমস্যা ও সমসাময়িক ইস্যুতে বক্তব্য নিতে সাংবাদিকরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি অধিকাংশ সময় ফোন না ধরে ‘Please text me’ লিখে বার্তা পাঠান বলে অভিযোগ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তাদের দাবি, এতে সংবাদ সংগ্রহ ও প্রকাশে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে।


মঙ্গলবার (৪ আগস্ট) সময় টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি বাদশাহ সৈকত একটি গুরুত্বপূর্ণ সড়কের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য নিতে তার কার্যালয়ে যান। অভিযোগ অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করানোর পরও জেলা প্রশাসক কোনো বক্তব্য দেননি।


বাদশাহ সৈকতের ভাষ্য, পাঁচ বছর ধরে আটকে থাকা একটি বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণ নিয়ে বক্তব্য চাইলে জেলা প্রশাসক জানান, তিনি নিজে কিংবা তার প্রশাসনের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলবেন না। পরে এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, কী কারণে কুড়িগ্রামের জেলা প্রশাসক সাংবাদিকদের ক্যামেরার সামনে কথা বলতে চান না।


সাংবাদিকদের অভিযোগ, অন্নপূর্ণা দেবনাথ দায়িত্ব নেওয়ার পর থেকে জেলার কোনো গণমাধ্যমের ক্যামেরার সামনে বক্তব্য দেননি। এমনকি তার অনুমতি ছাড়া জেলা প্রশাসনের অধীনস্থ কর্মকর্তারাও গণমাধ্যমের ক্যামেরার সামনে কথা বলেন না বলেও অভিযোগ রয়েছে।


ডিবিসি নিউজের প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন বলেন, জেলার উন্নয়ন, সমস্যা কিংবা সংকট নিয়ে সংবাদ প্রকাশের জন্য জেলা প্রশাসকের বক্তব্য নিতে চাইলে তিনি বিভিন্ন অজুহাতে তা এড়িয়ে যান।


এসএ টিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সাম্প্রতিক সময়ে জেলায় দায়িত্ব পালন করা কয়েকজন নারী জেলা প্রশাসকের আচরণ প্রায় একই ধরনের ছিল। তার মতে, এ কারণে জেলার উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।


চ্যানেল ওয়ানের প্রতিনিধি রাশেদুল ইসলাম বলেন, জেলা প্রশাসক জনগণের সেবক এবং গণমাধ্যম জনগণের প্রতিনিধিত্ব করে। তাই গণমাধ্যমের সঙ্গে কথা না বলা মানে জনগণের কাছেই জবাবদিহি এড়িয়ে যাওয়া।


দেশ টিভির প্রতিনিধি জুয়েল রানা জানান, বিভিন্ন বিষয়ে বক্তব্য নিতে ফোন করলেও অধিকাংশ সময় জেলা প্রশাসক ফোন না ধরে ‘Please text me’ লিখে বার্তা পাঠান।


জাগো নিউজ ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রোকনুরজ্জামান মানু বলেন, সংবাদ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করলেও জেলা প্রশাসক বেশিরভাগ সময় ফোন রিসিভ করেন না।


সিনিয়র সাংবাদিক ও দীপ্ত টিভির প্রতিনিধি মো. ইউনুছ আলী বলেন, সংবাদমাধ্যমকে এড়িয়ে চলা কোনোভাবেই ইতিবাচক বার্তা দেয় না।


নাগরিক টিভির প্রতিনিধি ফজলুল করিম ফারাজিও জেলা প্রশাসনের এমন আচরণে হতাশা প্রকাশ করেন।


অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


এমকে/বিএম২৪