‘গ্যাসের দাম বাড়ালে সরকার টিকবে না’— নাহিদ ইসলামের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম
‘গ্যাসের দাম বাড়ালে সরকার টিকবে না’— নাহিদ ইসলামের হুঁশিয়ারি

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাঁর দাবি, কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করে সরকার মূল্য বৃদ্ধির চেষ্টা করছে এবং জনগণের সঙ্গে করা একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করছে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, সরকার বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও পরে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। একইভাবে কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অঙ্গীকারও বাস্তবায়ন হয়নি। তাঁর ভাষ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং জনগণের ওপর এর চাপ ক্রমেই বাড়ছে। তিনি বলেন, দেশে মুনাফাবাজি ও এ ধরনের ‘পাঁয়তারা’ চলতে দেওয়া হবে না।


তিনি আরও অভিযোগ করেন, গণভোটে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার এখনো পূরণ হয়নি বলেও দাবি করেন তিনি।


এনসিপির এই নেতা বলেন, সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে সরকার কৃত্রিম গ্যাস সংকট তৈরি করেছে। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে এখন মৌলিক সেবা নিশ্চিত না করেই মূল্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।


তিনি অভিযোগ করেন, দেশে নতুন কর্মসংস্থান তৈরি হয়নি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কয়েক গুণ বেড়েছে এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় বাজার করতে হিমশিম খাচ্ছে। পাশাপাশি বিভিন্ন খাতের ব্যবসায়ীদের কাছ থেকে আগের তুলনায় বেশি চাঁদা আদায়েরও অভিযোগ তোলেন তিনি।


বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের শিক্ষার্থী ও নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের ওপর হামলা এবং ক্যাম্পাস দখলের চেষ্টার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, প্রয়োজন হলে সচিবালয়ের পাশাপাশি জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখেও কর্মসূচি নেওয়া হবে।


সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর করা, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।



এমকে/বিএম২৪