কিয়েভে রুশ হামলায় নিহত ১৭, আহত ৪০-এর বেশি
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চালানো এ হামলার তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় ইউক্রেনের পরিবহন অবকাঠামো, লজিস্টিক নেটওয়ার্ক এবং সেনাবাহিনীর রসদ সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
ইউক্রেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে আসছে। তবে এসব প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি প্রায়ই দেখা দেয়।
এ পরিস্থিতিতে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ও পিএসি-৩ ক্ষেপণাস্ত্র নিজস্বভাবে উৎপাদনের অনুমতি চেয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এমন সময়েই কিয়েভে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।
হামলার পর প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পর্যাপ্ত ব্যালিস্টিক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র হাতে থাকলে এ হামলার ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেকটাই এড়ানো সম্ভব হতো। তবে এখন পর্যন্ত ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো অনুমোদন দেয়নি।
পরে বুধবার ফেসবুকে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে তিনি যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটোর সদস্য দেশগুলোর কাছেও সহযোগিতা চাইছেন। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
তিনি আরও বলেন, ইউক্রেনকে দ্রুত একটি কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া জরুরি। কারণ দেশের সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা এখন এ সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।
সূত্র: এএফপি, ফার্স্টপোস্ট।
এমকে/বিএম২৪









