জয়ের দাবি: ‘ব্যর্থ রাষ্ট্র’ বাংলাদেশ, জঙ্গিবাদ নিয়ে সতর্কবার্তা
সূত্রঃ সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, বাংলাদেশ বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত হস্তক্ষেপ না করলে দেশটি আঞ্চলিক জঙ্গিবাদের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।
বুধবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাবে দেওয়া বক্তব্যে জয় বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইসহ বিভিন্ন বিদেশি সংস্থা বর্তমানে বাংলাদেশে অবাধে কার্যক্রম পরিচালনা করছে। তার ভাষ্য, ভারতের পূর্ব সীমান্তে ‘আরেকটি পাকিস্তান’ গড়ে উঠেছে, যা ভারতসহ পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় গ্রেপ্তার হওয়া অনেক সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর প্রকাশ্যে সমাবেশ করছে এবং আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও জনসভায় বক্তব্য দিচ্ছেন বলে দাবি করেন তিনি।
নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সজীব ওয়াজেদ জয়। তিনি অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সময় এবং পরবর্তীতে বিএনপি সরকারের অনুমোদিত দায়মুক্তি আইনের মাধ্যমে গণঅভ্যুত্থানে নিহতদের বিচার প্রক্রিয়া বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বহু আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংবাদিককে বিনা বিচারে কারাগারে রাখা হয়েছে এবং রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর যথাযথ বিচার হচ্ছে না বলেও দাবি করেন তিনি।








