তিন দিনে ৬ সিনেমা, দর্শকদের জন্য ফ্রি প্রদর্শনী
সূত্রঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক
বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব : একাল-সেকাল’ আয়োজন করেছে। আগামী ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত চলা এ উৎসবে বিভিন্ন সময়ের ছয়টি চলচ্চিত্র বিনামূল্যে উপভোগ করতে পারবেন দর্শকরা।
উৎসবের উদ্বোধনী দিনে, ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। কোরবানির ঈদে মুক্তির পর সিনেমাটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। একই দিন রাত ৮টায় প্রদর্শিত হবে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।
১০ আগস্ট বিকেল সাড়ে ৫টায় দর্শকরা দেখতে পারবেন খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় প্রদর্শিত হবে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’।
উৎসবের শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’। সমাপনী প্রদর্শনী হিসেবে রাত ৮টায় দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
শিল্পকলা একাডেমির জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে সব প্রদর্শনী। ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকায় দর্শকরা বিনামূল্যে সব সিনেমা উপভোগ করতে পারবেন।








