এক ঘণ্টা পর খুলল সচিবালয়ের প্রধান ফটক
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
১১ দলীয় জোটের পদযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর সচিবালয়ের প্রধান ফটক আবার খুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হলে ফটকটি পুনরায় খুলে দেওয়া হয়।
এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় জোট সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করে। তবে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় জোটের নেতাকর্মীরা কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় তারা কর্মসূচি শেষ করে এলাকা ত্যাগ করেন।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সচিবালয়ের সামনে ও ওসমানী উদ্যানসংলগ্ন এলাকায় বসানো তিন স্তরের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে জিরো পয়েন্ট থেকে মৎস্য ভবনের দিকে যান চলাচলও স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
এমকে/বিএম২৪









