বজ্রপাতে মাঠেই প্রাণ গেল ফুটবলারের

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম
বজ্রপাতে মাঠেই প্রাণ গেল ফুটবলারের

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক



থাইল্যান্ডে একটি ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে এক খেলোয়াড় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশের সান্তিফাপ স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সান্তিফাপ স্টেডিয়ামে গোলোক কাপ রিজিওনাল টুর্নামেন্টের একটি ম্যাচ চলছিল। ম্যাচ চলাকালে প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ মাঠে বজ্রপাত হলে ২৪ বছর বয়সী খেলোয়াড় সাফওয়ান আওয়ে ঘটনাস্থলেই মারা যান।


বজ্রপাতের ঘটনায় আহত হন আরও ৯ জন। তাদের মধ্যে একজন মালয়েশীয় খেলোয়াড়ও রয়েছেন। আহতদের কয়েকজনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আয়োজকরা।


বর্ষাকালে থাইল্যান্ডে বজ্রপাত একটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগ। এ কারণে বৃষ্টির সময় অপ্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য দেশটির সরকার নিয়মিত জনসাধারণকে সতর্ক করে থাকে।


সূত্র: এএফপি, গালফ নিউজ



এমকে/বিএম২৪