খাগড়াছড়িতে নিসচার আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ
সংগৃহীত
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. দুলাল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, সহসভাপতি প্রমোদ বিকাশ ত্রিপুরা ও বসুন্ধরা ত্রিপুরাসহ সংগঠনের অন্যান্য নেতারা।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, ট্রাফিক সাইন ও সংকেত মেনে চলা এবং গণপরিবহনে যাত্রীদের করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য, সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা এবং ট্রাফিক আইন কার্যকরের মাধ্যমে দুর্ঘটনা কমানোর বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু অবকাঠামো উন্নয়ন কিংবা আইন প্রয়োগের বিষয় নয়; বরং এটি প্রত্যেকের দায়িত্ববোধ, সচেতনতা ও মানবিক আচরণের সম্মিলিত প্রতিফলন। এ সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া জরুরি। কারণ, আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী হিসেবে গড়ে উঠবে।
এমকে/বিএম২৪









