মাদারীপুরে পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, হোটেল মালিক নিহত
সংগৃহীত
মাদারীপুর প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় সেলিম হাওলাদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম হাওলাদার মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকার বাসিন্দা। তিনি পুরাতন বাসস্ট্যান্ড-সংলগ্ন মতি মোটেল নামের একটি আবাসিক হোটেলের মালিক ছিলেন। এ ছাড়া তিনি একসময় জেলা শ্রমিক দলের সক্রিয় শ্রমিক নেতা ছিলেন।
জানা গেছে, নিজস্ব প্রাইভেটকার চালিয়ে কালকিনির ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন সেলিম হাওলাদার। পথে তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে মহাসড়কে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের কাজে নিয়োজিত পুলিশের রেকারের সঙ্গে তাঁর প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমকে/বিএম২৪









