প্রবাসীর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, স্ত্রী ও যুবকের বিরুদ্ধে তদন্তের দাবি

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম
প্রবাসীর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, স্ত্রী ও যুবকের বিরুদ্ধে তদন্তের দাবি

সংগৃহীত

শ্রী মোহন, জয়পুরহাট প্রতিনিধি


জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম কুজাইল নয়াপাড়া এলাকায় এক প্রবাসীর সঙ্গে প্রতারণা ও ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী রেশমী আক্তার ও মারুফ নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী সোহাগ ও তাঁর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল রশিদ মন্ডলের মেয়ে রেশমী আক্তারের সঙ্গে কালাই উপজেলার পশ্চিম কুজাইল নয়াপাড়া এলাকার বাসিন্দা চালক মো. সোহাগের প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়। বিয়ের পর পরিবারের সচ্ছলতা ফেরাতে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান সোহাগ।


অভিযোগ অনুযায়ী, সোহাগ বিদেশে থাকার সময় তাঁর স্ত্রী রেশমী আক্তারের সঙ্গে একাধিক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে মারুফ নামে এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে এসব ছবি ও ভিডিও দেখিয়ে প্রবাসী সোহাগকে ব্ল্যাকমেইল করে প্রায় ২৮ হাজার ৫৮০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।


পরিবারের দাবি, বিষয়টি জানার পর সোহাগ তাঁর স্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান। একপর্যায়ে রেশমী আক্তার একাধিক যুবকের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে সোহাগ আত্মহত্যার চেষ্টা করেন বলেও জানিয়েছে তাঁর পরিবার।


বর্তমানে মানসিক চাপ ও সামাজিক পরিস্থিতির কারণে আইনি পদক্ষেপ নেওয়া নিয়ে দ্বিধায় রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে সোহাগ ও তাঁর পরিবার অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এমকে/বিএম২৪