কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশসহ নিহত ২, আহত ২

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম
কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশসহ নিহত ২, আহত ২

সংগৃহীত

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জে মহাসড়কে রাতের টহল ডিউটির সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন।


থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার, ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বি এবং বিশেষ আনসার সদস্য কামাল হোসেন কালীগঞ্জ পৌর এলাকায় রাতের টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্বে বের হন।


রাত সাড়ে ৩টার দিকে টহল দলের সদস্যরা কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের পাশে পুলিশের গাড়ি থামিয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি কাভার্ড ভ্যান স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম, এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর ও ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বিকে সজোরে ধাক্কা দিয়ে ঘোড়াশালের দিকে চলে যায়।


পরে স্থানীয় রিকশাচালক রকিবুল ও পথচারী ইমরুল কায়েস আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিএনপি নেতা রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।


গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে এসআই মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


নিহত রফিকুল ইসলাম কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া গ্রামের ওয়াজউদ্দিন মোল্লার ছেলে। অন্যদিকে, নিহত এসআই মিজানুর রহমান জামালপুরের ইসলামপুর থানার ডিগ্রীরচর দক্ষিণপাড়া গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে।


এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনার পরপরই কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলাম এবং থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলামসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


তিনি আরও বলেন, পলাতক কাভার্ড ভ্যান ও এর চালককে শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এমকে/বিএম২৪