চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু
সংগৃহীত
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় বন সর্দার (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে পটিয়া উপজেলার জলুরদীঘি এলাকায় শহীদ শাহ সড়কের পর ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বন সর্দার পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মহাসড়কের ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বন সর্দার। এ সময় পটিয়ামুখী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কমলমুন্সির হাট এলাকার ব্যবসায়ী জয়ন্ত চৌধুরী সম্রাট জানান, পটিয়ামুখী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ওই পথচারীর মৃত্যু হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাখাওয়াত জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমকে/বিএম২৪








