কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকায় নির্মাণ হবে টেকসই বেড়িবাঁধ: পানিসম্পদ প্রতিমন্ত্রী
সূত্রঃ বিডি মেইল
কুতুবদিয়া প্রতিনিধি
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই ও আধুনিক বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদ এমপি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কুতুবদিয়ার পোল্ডার-৭১-এর রোমাইপাড়া অংশে প্রস্তাবিত টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কুতুবদিয়ার উপকূলীয় মানুষের জানমাল, বসতবাড়ি ও কৃষিজমি রক্ষায় ধাপে ধাপে আধুনিক ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে পোল্ডার-৭১ এলাকায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার ‘সুপার ডাইক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে জলোচ্ছ্বাস, জোয়ারের পানি ও উপকূলীয় ভাঙনের ঝুঁকি অনেকটাই কমবে। পাশাপাশি কুতুবদিয়ার বিস্তীর্ণ জনপদ ও কৃষিজমি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বাঁধ।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বেড়িবাঁধের বর্তমান অবস্থা ও দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের নকশা, বিভিন্ন দিক ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কুতুবদিয়ার উপকূলজুড়ে প্রায় ৪১ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে পোল্ডার-৭১-এর প্রায় সাড়ে ৬ কিলোমিটার অংশে আধুনিক ‘সুপার ডাইক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকাতেও টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন ধরে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জোয়ারের পানি ও নদীভাঙনের ঝুঁকিতে থাকা কুতুবদিয়ার উপকূলবাসী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে তাদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়নের পথ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পরিদর্শনকালে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ.কে.এম শাহাবুদ্দিন, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমদ চৌধুরী ও সদস্যসচিব এমএ সালাম কুতুবীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।









