কালিয়াকৈরে ২৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ, গ্রেপ্তার ২
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের আদলে তৈরি বিপুল পরিমাণ নকল সিগারেট বাজারজাতের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় পাঁচ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।
বুধবার (৫ আগস্ট) দুপুরে গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার মৌচাক এলাকা থেকে সিগারেটগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গাড়বিয়া বাজার এলাকার কার্তিক হাওলাদারের ছেলে কিশোর হাওলাদার (২২) এবং বরিশালের মুলাদী উপজেলার চর লক্ষ্মীপুর এলাকার মৃত আনিছ হাওলাদারের ছেলে ইলিয়াস হোসেন বাবু (২৯)। বর্তমানে তারা যথাক্রমে গাজীপুর মহানগর ও ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, সোমবার রাতে মৌচাক বাসস্ট্যান্ডের টাঙ্গাইলগামী যাত্রীছাউনির সামনে মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুকের নেতৃত্বে চেকপোস্ট পরিচালনার সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যান থেকে ৫০ কার্টনে রাখা পাঁচ লাখ শলাকা সিগারেট উদ্ধার করা হয়। চালান ও কাস্টমস-সংক্রান্ত কাগজপত্র চাইলে অভিযুক্তরা কোনো বৈধ নথি দেখাতে পারেননি।
প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়, উদ্ধার হওয়া সিগারেটগুলো নকল এবং সেগুলোতে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে অধিকতর তথ্য সংগ্রহের জন্য মঙ্গলবার সিগারেটগুলো পুলিশি হেফাজতে রেখে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে বুধবার গ্রেপ্তারদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের বিভিন্ন বাজারে দীর্ঘদিন ধরে নকল সিগারেট বিক্রি হচ্ছে। এসব পণ্যের পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বলেন, জাল রাজস্ব স্ট্যাম্পযুক্ত নকল সিগারেট বাজারজাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
এমকে/বিএম২৪









