এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ পিএম
এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আব্দুর রহমান। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে দলের আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পরে পদত্যাগপত্রটি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।


পদত্যাগপত্রে আব্দুর রহমান উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় নাগরিক কমিটির মাধ্যমে এনসিপির গঠনপ্রক্রিয়ায় যুক্ত হয়েছিলেন তিনি। গণতন্ত্র, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে দলটিতে যোগ দিয়েছিলেন।


তবে দলের নির্বাচনী ও নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অবস্থান এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, এনসিপির অভ্যন্তরে আদর্শিক ও রাজনৈতিক বিভ্রান্তি বেড়েছে। রাজনৈতিক জোট, আদর্শিক অবস্থানসহ বিভিন্ন বিষয়ে দলের সিদ্ধান্ত তাঁর প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে জামায়াত-শিবিরের অবস্থান একাকার হয়ে যাওয়ার প্রবণতা তাঁকে হতাশ করেছে। এ পরিস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্ব পালনকে নৈতিক ও আদর্শিকভাবে অসংগতিপূর্ণ মনে করছেন তিনি।


আব্দুর রহমান বলেন, রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে এনসিপিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় দলটির সঙ্গে পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।


পদত্যাগপত্রের শেষাংশে এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রত্যাশা ব্যক্ত করেন আব্দুর রহমান। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দলটি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


এমকে/বিএম২৪