দেয়াল ধসে শিশুর মৃত্যু, ঢাকায় ৩ যুবকের লাশ উদ্ধার
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মাহিদ ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিনে ঢাকার পৃথক তিন এলাকা থেকে আরও তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বিকেলে ভাটারা থানার খিলবাড়ীরটেক হাজারী গলিতে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মাহিদ চাপা পড়ে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ৪টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
মাহিদ ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামের হাবিব হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে খিলবাড়ীরটেক এলাকায় থাকত সে।
এদিকে, সকালে মুগদার পাগল চাঁন হোটেলের পাশের একটি বাসা থেকে সবুজ ওরফে বাবু (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি পেশায় ইটভাঙার শ্রমিক ছিলেন। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ গুনেরবাড়ি গ্রামের বদু শেখের ছেলে সবুজ মা-বাবা, স্ত্রী ও এক সন্তানের সঙ্গে ওই বাসায় থাকতেন।
কামরাঙ্গীরচরের হাসাননগর এলাকার একটি বাসা থেকে সকাল ৯টার দিকে নয়ন (৩০) নামে আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি রিকশাচালক ছিলেন। স্ত্রী ও পাঁচ বছরের সন্তান নিয়ে সেখানে থাকতেন। পুলিশ জানায়, গত মার্চে স্ত্রী সন্তানকে নিয়ে চলে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নয়নের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার বয়াতিকান্দি গ্রামে।
অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডার স্বাধীনতা স্মরণী এলাকার একটি বাসা থেকে রবিউস সানি (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরিবারের সদস্যদের ভাষ্য, পারিবারিক ও কর্মস্থলসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন।
পুলিশ জানিয়েছে, তিন যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পৃথক ঘটনাগুলোর কারণ জানতে সংশ্লিষ্ট থানাগুলো তদন্ত করছে।









