আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে গাজীপুরে র্যালি-আলোচনা সভা
সূত্রঃ সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি:
‘জানা ও না জানার মধ্যে পার্থক্য অনেক, তাই সাক্ষরতার গুরুত্ব অপরিসীম’—এই বার্তাকে সামনে রেখে গাজীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, গাজীপুরের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘জানা ও না জানার মধ্যে পার্থক্য অনেক। তাই সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। যারা জানে, তারা ওপেন-আইড (Open-eyed); আর যারা জানে না, তারা ব্লাইন্ড (Blind)।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আমি সবাইকে জানা ও শেখার মাধ্যমে খোলা চোখের মানুষ হওয়ার আহ্বান জানাই।’
জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষা ও জ্ঞান মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জ্ঞান অর্জন ও নিয়মিত শেখার মাধ্যমে নিজেদের আলোকিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধিরা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









