শিক্ষাঙ্গণে সন্ত্রাসের রাজনীতি চলবে না: মামুনুল হক
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা নতুন বাংলাদেশে শিক্ষাঙ্গণে সন্ত্রাসনির্ভর ছাত্ররাজনীতির কোনো স্থান নেই। তিনি দাবি করেন, অতীতের সহিংস রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে এসে আদর্শভিত্তিক ও মেধাকেন্দ্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিবাদী শাসন উৎখাত করতে ১ হাজার ৪০০ শহীদের রক্ত দিতে হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশে আবারও নতুন করে স্বৈরতান্ত্রিক প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠছে। শুরুতেই তা প্রতিহত করা না গেলে ভবিষ্যতে আরও বড় মূল্য দিতে হতে পারে।
তিনি বিএনপির উদ্দেশে বলেন, অতীতের সহিংস রাজনীতির ধারা থেকে দলটিকে ফিরে আসতে হবে। অন্যায় ও জুলুমের পথ পরিহার না করলে জনগণ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
আল্লামা মামুনুল হক বলেন, একসময় দেশের বামপন্থী ও ইসলামপন্থী ছাত্রসংগঠনগুলো আদর্শিক রাজনীতির চর্চা করত। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের নেতৃত্বের উত্থান হয়েছে। নাহিদ, আখতার, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস, হাসনাত আবদুল্লাহ ও আসিফদের মতো তরুণ নেতৃত্বের আবির্ভাব নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, এই বাস্তবতায় শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসনির্ভর ছাত্ররাজনীতি গ্রহণযোগ্য হতে পারে না।
সমাবেশে তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনের সময় কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছিল। তাদের লক্ষ্য চাকরি বা কোটা নয়, বরং নির্যাতিত ছাত্রদের প্রতি সংহতি প্রকাশ এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছিল বলে তিনি উল্লেখ করেন।
এমকে/বিএম২৪









