খালেদা জিয়া মামলার বিতর্কিত সাক্ষী গ্রেফতার

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৩:০১ পিএম
খালেদা জিয়া মামলার বিতর্কিত সাক্ষী গ্রেফতার

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি তৈরি এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বুধবার (৫ আগস্ট) দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


ডিবি সূত্র জানায়, কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফেরার পর বিমানবন্দর এলাকায় নজরদারির মাধ্যমে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সৈয়দ জগলুল পাশাকে গ্রেফতার করা হয়।


পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।


এ ছাড়া, ২০১৩ সালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে ডিবি। সংস্থাটি জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



এমকে/বিএম২৪