জুলাই অভ্যুত্থান স্মরণে চট্টগ্রামে হেফাজতের সমাবেশ
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে খতমে কোরআন, সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা। বুধবার (৫ আগস্ট) নগরীর ২ নম্বর গেট এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মী, আলেম ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে শাপলা চত্বর থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আলেমসমাজের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সমাবেশ থেকে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কওমি মাদ্রাসাকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী, হাটহাজারী, পটিয়াসহ দেশের বিভিন্ন স্থানে আলেমসমাজ সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন। এ সময় বহু আলেম ও মাদ্রাসার শিক্ষার্থী নিহত হন এবং অসংখ্য নেতাকর্মী আহত হন। তারা আন্দোলনে হেফাজতের নেতাকর্মীদের আত্মত্যাগ ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তাদের বক্তব্যে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দেশ ও জাতির ঐক্যের প্রতীক। এই ঐক্যের মধ্যে কোনো ফ্যাসিবাদী শক্তি বা তাদের সহযোগীরা যেন বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সমাবেশ থেকে শাপলা চত্বরের শহীদদের পুনর্বাসন, সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
মহানগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সদস্য সচিব ও জামিয়া দারুল মারিফের মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন মাওলানা সায়েম উল্লাহ, মাওলানা ফায়সাল তাজ, মাওলানা কামরুল ইসলাম, মুফতি মঞ্জুর সিদ্দিক, কারী ইদ্রিস, মাওলানা মুসা, মাওলানা নুরুন্নবী, মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা কুতুবুদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল নোমানসহ সংগঠনের অন্যান্য নেতারা।
এমকে/বিএম২৪









