গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম
গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের একক অর্জন নয়; এর প্রকৃত মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই।


বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।


উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, গণআন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়কার নির্যাতনের আলোকচিত্র, ভিডিওচিত্র, বিভিন্ন নিদর্শন ও সংরক্ষিত তথ্য পরিদর্শন করেন। পরে তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।


আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যেমন ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভুলে যায়নি, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগকারী শহীদদেরও কখনো ভুলবে না।


তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম ও অপহরণের শিকার হয়েছেন। এছাড়া লাখো মানুষ নির্যাতন-নিপীড়ন, হামলা এবং মিথ্যা মামলার কারণে বছরের পর বছর ঘরছাড়া জীবন কাটিয়েছেন।


এমকে/বিএম২৪