চাষাঢ়ায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম
চাষাঢ়ায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

সূত্রঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:


নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।


প্রত্যক্ষদর্শী, কলেজের শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, আলোচনা সভায় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেই উত্তেজনা কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।


সংঘর্ষের সময় কয়েকজনের হাতে লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ দেখা যায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।


নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তবে আহতদের কেউ গুরুতর নন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ কলেজ রোড এলাকায় মুখোমুখি অবস্থানে থাকা দুই পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


এমকে/বিএম২৪