রাষ্ট্রপতির সামনেই জুলাই ডকুমেন্টারি ঘিরে বিক্ষোভ

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০২:৪০ পিএম
রাষ্ট্রপতির সামনেই জুলাই ডকুমেন্টারি ঘিরে বিক্ষোভ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিকে কেন্দ্র করে রাষ্ট্রপতির উপস্থিতিতেই হট্টগোল ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। ডকুমেন্টারিতে জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ ও আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি—এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।


বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ডকুমেন্টারি প্রদর্শন শেষ হওয়ার পরপরই মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে উচ্চস্বরে আপত্তি জানান। তাদের অভিযোগ, ডকুমেন্টারিতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। একপর্যায়ে পুরো মিলনায়তনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মঞ্চে এসে উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তবে তার আহ্বানের পরও প্রতিবাদ অব্যাহত থাকে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিয়ে আন্দোলনের অন্যতম নেতা ও এনসিপির আক্তার হোসেনকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।


আক্তার হোসেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে বক্তব্য দিয়ে শান্ত থাকার অনুরোধ জানান এবং বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।


এরপর আবার মঞ্চে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ডকুমেন্টারির অসম্পূর্ণতার জন্য দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা চান। তিনি জানান, প্রতিবাদকারী শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মধ্য থেকে একটি প্রতিনিধি দলকে নিয়ে ডকুমেন্টারিটি পুনরায় পর্যালোচনা ও সংশোধন করা হবে। তাদের মতামতের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের সব গুরুত্বপূর্ণ ঘটনা, আত্মত্যাগ ও প্রেক্ষাপট যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হবে।


এ ঘোষণার পর প্রতিবাদকারীরা শান্ত হন এবং অনুষ্ঠানের পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। পরে নির্ধারিত কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হয়।


তবে অনুষ্ঠানে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার সময়ও একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন এনসিপি নেতা আক্তার হোসেন। পরে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে অডিটোরিয়াম ত্যাগ করেন।



এমকে/বিএম২৪