লোহিত সাগরে ফের হামলা, ৮ সৌদি ট্যাংকারে আঘাতের দাবি হুথিদের
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা দাবি করেছে, লোহিত সাগরে সৌদি আরবের আরও একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, ২২ জুলাই থেকে শুরু হওয়া সামুদ্রিক অবরোধ অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত অন্তত আটটি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হুথিদের দাবি, ইয়ানবু উপকূলসংলগ্ন উত্তর লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকার ‘ওয়াফা’-কে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তার ভাষ্য, এই হামলা সৌদি আরবের বিরুদ্ধে তাদের ঘোষিত সামুদ্রিক অবরোধ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ।
সারি আরও দাবি করেন, অবরোধ শুরুর পর থেকে অন্তত আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ২৯টি সৌদি ট্যাংকারকে লোহিত সাগর ও আরব সাগরের রুট ব্যবহার থেকে বিরত রাখা হয়েছে অথবা সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
তার দাবি, বাব এল-মান্দেব প্রণালিতে হুথিদের অবরোধ কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। এর ফলে সৌদি আরব তাদের তেলবাহী ট্যাংকারগুলোর চলাচলের রুট পরিবর্তন করে উত্তর লোহিত সাগরের দিকে সরিয়ে নিয়েছে।
হুথি মুখপাত্র বলেন, ফলাফল যাই হোক না কেন, সৌদি তেলবাহী ট্যাংকারের চলাচল ঠেকাতে লোহিত সাগরে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এসব হামলার মাত্রা আরও বাড়ানো হবে।
তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমকে/বিএম২৪









