প্রধানমন্ত্রীর তুরস্ক সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন, ঋণ-অনুদান এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকারসহ পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা এসব প্রস্তাবকে বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন তিনি। এরই মধ্যে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। সরকারের গত ৭-৮ মাসে প্রায় ৩ থেকে ৪ কোটি গাছ লাগানো হয়েছে।
রিজভী আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং স্কুল-কলেজের নেওয়া উদ্যোগের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেছেন।
তিনি জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও বিশ্বনেতাদের প্রতিশ্রুতি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর অঙ্গীকারের বিষয়গুলোও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে। বাংলাদেশ এ সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নিয়েছে, সেসব বিষয়ও তিনি বিশ্বদরবারে তুলে ধরেছেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মনে করেন তিনি।
এর আগে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে শুক্রবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান রুহুল কবির রিজভী।
শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
এমকে/বিএম২৪









