প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে প্রস্তুতি, জেলা স্টেডিয়াম পরিদর্শনে কেসিসি প্রশাসক
ছবি: বিডি মেইল
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে খুলনা নগরীর গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর খুলনা সফরের কথা রয়েছে। সফরকে কেন্দ্র করে অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য স্থান খুলনা জেলা স্টেডিয়ামসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন কেসিসি প্রশাসক।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশিদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান।
এ ছাড়া খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলামসহ কেসিসি ও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা পরিদর্শনে অংশ নেন।
প্রধানমন্ত্রীর সফর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠান আয়োজনের স্থান প্রস্তুতিসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।








