তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক করার সময় ২৩ জনকে আটক করা হয়। পরে তাদের তেজগাঁও থানায় নেওয়া হয়েছে।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি), এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)–এর কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত কি না, তা যাচাই করা হচ্ছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এমকে/বিএম২৪









