কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী গ্রেপ্তার

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

সিজান হোসেন, স্টাফ রিপোর্টার


নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ রুহীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানার ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।


পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে মোস্তাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের ভাষ্য, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


মোস্তাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালেও একই আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।


২০২৪ সালের আগস্টে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, মারধর, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে একাধিক মামলা হওয়ার তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে।


গ্রেপ্তারের পর তাঁকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।