সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা ডন
সূত্রঃ ফাইল ছবি
বিনোদন ডেস্ক
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারের পর তাকে আদালতে নেওয়া হচ্ছে।
রোববার (৯ আগস্ট) আদালতের প্রসিকিউশন সূত্র জানায়, কিছুক্ষণের মধ্যেই ডন হককে আদালতে হাজির করা হবে।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডন হককে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে সিআইডির একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়। বিমানবন্দর থানাপুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও জল্পনা থাকলেও বিষয়টি নিয়ে কার্যকর তদন্তের দাবি ছিল পরিবারের। পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। ওই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেকের পর অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নেন সালমান শাহ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তার পরিবার। সালমান শাহর মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ সেটি অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল।
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, অপমৃত্যুর মামলার তদন্তে হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সেটি স্বাভাবিকভাবেই হত্যা মামলায় রূপ নেবে।
মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ। দর্শক-সমালোচকদের কাছে তিনি নব্বইয়ের দশকের চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল তারকা হিসেবে পরিচিতি পান।
এমকে/বিএম২৪









