‘জুলাই সবার, ঐক্যই পরিবর্তনের শক্তি’: ড. ইউনূস

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১০:২৫ এএম
‘জুলাই সবার, ঐক্যই পরিবর্তনের শক্তি’: ড. ইউনূস

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর আন্দোলন ছিল না; এটি ছিল দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত সংগ্রাম। তিনি বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, পথচারী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


তিনি আরও বলেন, রিকশাচালক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পেশার নাগরিক নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। যুদ্ধাবস্থার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে চিকিৎসকেরা আহতদের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেছেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন।


বিবৃতিতে জুলাই আন্দোলনে নারীদের সাহসিকতার বিশেষ প্রশংসা করে ড. ইউনূস বলেন, তাদের এই অবদান ভবিষ্যৎ প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব আগামী দিনের তরুণদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।


জুলাই গণঅভ্যুত্থান থেকে পাওয়া শিক্ষা তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে কঠিন ও দুর্ভেদ্য মনে হওয়া ব্যবস্থাকেও পরিবর্তন করা সম্ভব। গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য ও দৃঢ় সংকল্পের আহ্বান জানান তিনি।


এমকে/বিএম২৪