স্পিনে কাবু ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচে এগিয়ে পাকিস্তান
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
পোর্ট অব স্পেন টেস্টে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৪৩ রানে পিছিয়ে থাকা স্বাগতিকরা তৃতীয় দিনের খেলা শেষে ৪০.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১০৩ রান। ফলে তাদের লিড এখন মাত্র ৬০ রান, হাতে আছে আর চারটি উইকেট। পাকিস্তানের হয়ে স্পিনার সাজিদ খান নিয়েছেন ৪টি এবং আলি উসমান শিকার করেছেন ২টি উইকেট।
এর আগে তৃতীয় দিনের শুরুতে পাকিস্তান প্রথম ইনিংসে শক্ত অবস্থানে থাকলেও বড় সংগ্রহ গড়ার সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। আগের দিন ২ উইকেটে ২৬৬ রান নিয়ে খেলা শুরু করা দলটি পরদিন দ্রুত কয়েকটি উইকেট হারায়। বাবর আজম ১৪৭ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৮ রান করে রানআউট হন। তবে দুর্দান্ত ইনিংস খেলেন আব্দুল্লাহ শফিক। তিনি ৩২৩ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১৬০ রানে অপরাজিত থাকেন। এছাড়া সাজিদ খান করেন ৩০ রান। শফিক ও সাজিদের ৫৯ রানের জুটি পাকিস্তানকে প্রথম ইনিংসে লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। তিনি ৬টি উইকেট শিকার করেন। এছাড়া শামার জোসেফ নেন ২টি এবং জেইডেন সিলস পান ১টি উইকেট।
৪৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ভালো অবস্থানে থাকলেও ৪০ রানের পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দিনশেষে জাস্টিন গ্রিভস অপরাজিত থেকে দলের সবচেয়ে বড় ভরসা হয়ে আছেন। প্রথম ইনিংসে ৭৩ রান করা এই ব্যাটার চতুর্থ দিনে ব্রেন্ডন কিংকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এছাড়া কাভেম হজ ৩৪ এবং তেজনারায়ণ চন্দরপল ও রোস্টন চেজ ১৭ রান করে আউট হয়েছেন।
প্রথম ইনিংসেও ৪ উইকেট নেওয়া সাজিদ খান দ্বিতীয় ইনিংসেও একই সংখ্যক উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ম্যাচে শক্ত অবস্থানে রেখেছেন। সিরিজের প্রথম টেস্টে ৯০ রানের জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোর দারুণ সুযোগ এখন পাকিস্তানের সামনে।
এমকে/বিএম২৪









