পোস্টের জেরে গ্রেপ্তার এনসিপির সালাউদ্দিন তানভীর

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম
পোস্টের জেরে গ্রেপ্তার এনসিপির সালাউদ্দিন তানভীর

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় বুধবার (৫ আগস্ট) ভোরে তাকে আটক করা হয়।


তানভীরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এর প্রতিবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় ভোর প্রায় ৪টার দিকে পুলিশ তানভীরকে গ্রেপ্তার করে।


সারজিস আলমের দাবি, তানভীরের ফেসবুক পোস্ট নিয়ে দল ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিল। তিনি পোস্টটি মুছে ফেলার পাশাপাশি প্রকাশ্যে দুঃখও প্রকাশ করেছিলেন। এরপরও বিএনপি ও পুলিশ ‘ক্ষমতার অপব্যবহার’ করেছে বলে অভিযোগ করেন তিনি।


তিনি আরও বলেন, হবিগঞ্জ ও সিলেটে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তানভীর এক লাইনের একটি পোস্ট করেছিলেন। পরে দলের আপত্তির মুখে সেটি সরিয়ে নিয়ে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেন। এরপরও তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারকে অযৌক্তিক বলে মন্তব্য করেন সারজিস।


বিএনপির বর্তমান ভূমিকার সমালোচনা করে সারজিস আলম বলেন, যে ধরনের নিপীড়নের অভিযোগ বিএনপি দীর্ঘ ১৬ বছর ধরে করে এসেছে, এখন ক্ষমতার পরিবর্তনের পর তারাও একই ধরনের আচরণ করছে। পাশাপাশি সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির কর্মী আলিফের চোখ নষ্ট হওয়ার ঘটনায় জড়িতদের এখনও গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন তোলেন তিনি।


এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।


নোটিশে আরও বলা হয়, গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হবে না, সে বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দিতে হবে।


উল্লেখ্য, এটি প্রথমবার নয়। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পরও গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি আবার দলে সাংগঠনিক দায়িত্বে ফিরে আসেন।


এমকে/বিএম২৪