আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
সূত্রঃ সংগৃহীত
ভোলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টোপথে যানবাহন চলাচলের কারণে সৃষ্ট তীব্র যানজট প্রায় আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, সকালে মদনপুর ইপিলিয়ানের সামনে কয়েকটি যানবাহন উল্টোপথে প্রবেশ করায় চার লেনজুড়ে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে যানজটের বিস্তার মেঘনা টোল প্লাজা পর্যন্ত পৌঁছে যায়।
দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, মদনপুর ইপিলিয়ানের সামনে উল্টোপথে যানবাহন চলাচলের কারণেই যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ করে সকাল ১০টার দিকে যানজট নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমকে/বিএম২৪









