ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে, দাবি ট্রাম্পের
সূত্রঃ ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব ভালো আলোচনা’ চলছে। যদিও তেহরান বরাবরই এমন কোনো আলোচনার বিষয়টি অস্বীকার করে আসছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান প্রকাশ্যে তা স্বীকার না করলেও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তার ভাষ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তব অগ্রগতি। ইরান একটি চুক্তি করতে আগ্রহী বলেও তিনি দাবি করেন। তবে চুক্তি না হলে তার পরিণতি ইরানের জন্য ভালো হবে না বলে সতর্ক করেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি বলেন, বর্তমানে ইরানের কাছে এমন অস্ত্র নেই এবং ভবিষ্যতেও তা নিশ্চিতভাবে প্রতিরোধ করা হবে।
হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, খুব শিগগিরই গুরুত্বপূর্ণ এই নৌপথ স্বাভাবিকভাবে চালু হবে। অন্যথায় ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা করেছিল। তবে সেই সময় ইরানের পক্ষ থেকেই যোগাযোগ করে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। তার ভাষ্য, ইরান আলোচনার অনুরোধ জানালে তিনি ইতিবাচক সাড়া দেন এবং সংকটের সমাধানে সংলাপের পথ বেছে নেওয়ার কথা বলেন।
ইরান-সংক্রান্ত নীতিতে আগের মার্কিন প্রশাসনগুলোরও সমালোচনা করেন ট্রাম্প। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, অর্থনৈতিক সুবিধা দিয়ে ইরানকে সন্তুষ্ট করার চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি।
ট্রাম্প বলেন, ইরান যদি আবার আলোচনার পথ থেকে সরে আসে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। তার দাবি, ওয়াশিংটন ইতোমধ্যে তেহরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছে এবং প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে।
এমকে/বিএম২৪









