৬ মাসে একটি ‘রাজনৈতিক নিপীড়নও’ ঘটেনি: মাহদী আমিন
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশে একবারের জন্যও কোনো ‘রাজনৈতিক নিপীড়ন’ ঘটেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কেন্দ্র ‘শাপলা’য় সরকারের ১৮০ দিনের সাফল্য তুলে ধরতে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, গত ছয় মাসে বাকস্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ মানবিকতা দেখিয়েছে। একবারের জন্যও কোনো রাজনৈতিক নিপীড়ন ঘটেনি।
তিনি বলেন, ‘আমরা দেখেছি, কীভাবে উসকানি দেওয়া হয়েছে, অশোভন আচরণ করা হয়েছে। কিন্তু তারপরও সরকারের সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে, ঠিক যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সেটিকে ধারণ করে জনগণের সরকার এগিয়ে চলেছে।’
সরকারের ছয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, গত ছয় মাসে অসংখ্য জনসম্পৃক্ত কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে গেছেন। তিনি যেখানেই গেছেন, সেখানেই জনগণের ঢল নেমেছে। জনগণের আস্থা ও বিশ্বাস ধারণ করে সরকার দেশের মানুষের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যাচ্ছে।
মাহদী আমিন বলেন, সরকারের ছয় মাসের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা। এ সময়ে সরকারের প্রতিটি কার্যক্রমে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।
বর্তমান সরকারের সময়ে জাতীয় সংসদ অধিবেশনও আগের সময়ের তুলনায় প্রাণবন্ত ছিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘গত ছয় মাসে আমরা দেখেছি অত্যন্ত প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত জাতীয় সংসদ, যেখানে সংসদ সদস্যরা একে অপরের সমালোচনা করেছেন এবং যৌক্তিকভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন।’
তিনি আরও বলেন, সরকারের গঠনের পর সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে, যা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে।
আওয়ামী লীগের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সন্ত্রাসবিরোধী সংশোধিত অধ্যাদেশ সংসদে আইনে রূপান্তরের মাধ্যমে ‘সন্ত্রাসী একটি রাজনৈতিক সংগঠন’, যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাদের প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
## ‘মানুষের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠা’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, বর্তমান সরকারের গত ছয় মাসের অন্যতম বড় অর্জন হলো রাষ্ট্র ও সমাজে মানুষের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, ‘মজলুমের ঘরে যখন সরকারপ্রধান যান, তখন বুঝতে হবে যে আসলে এমন বাংলাদেশই আমরা প্রত্যাশা করি, যেখানে জনগণের কাছে রাষ্ট্র বা সরকার দায়বদ্ধ।’
প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার উদাহরণ তুলে ধরে সালেহ শিবলী বলেন, সম্প্রতি কিশোরগঞ্জ সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়িতে যাওয়ার পথে সড়কের পরিস্থিতি লক্ষ্য করেন। রাস্তা পরিষ্কার থাকায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, সাধারণ মানুষ যেভাবে চলাচল করবে, প্রধানমন্ত্রীও সেভাবেই চলবেন।
মাহদী আমিন বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে গিয়ে মাত্র ছয় মাসে সব সমস্যার শতভাগ সমাধান করা কঠিন। তবে প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারের সর্বোচ্চ আন্তরিকতা, দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা রয়েছে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









