তেল, চিপস ও চানাচুরে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫২ পিএম
তেল, চিপস ও চানাচুরে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেলসহ কয়েকটি খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটি অ্যাসিডের (টিএফএ) সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।


নতুন মানদণ্ড অনুযায়ী, ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছাসেমাই, ডেকোরেটেড কেক, চিপস ও চানাচুরসহ নির্ধারিত খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা হবে দুই শতাংশ।


সোমবার (১৭ আগস্ট) বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অংশীজন সভায় এ বিষয়ে বাংলাদেশ মান (বিডিএস) প্রণয়নের বিষয়টি জানানো হয়। তেজগাঁওয়ে ‘বাংলাদেশে টিএফএমুক্ত ভোজ্যতেল ও পিএইচও উৎপাদন উৎসাহিতকরণ’ শীর্ষক এ সভার আয়োজন করে বিএসটিআই ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।


বিএসটিআই জানিয়েছে, ট্রান্স ফ্যাটি অ্যাসিড হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম ঝুঁকি হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও খাদ্য সরবরাহ ব্যবস্থা থেকে ট্রান্স ফ্যাট নির্মূলকে অকালমৃত্যু প্রতিরোধে কার্যকর ও ব্যয়সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে বিবেচনা করে।


সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক সোহেল রেজা চৌধুরী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।


এ ছাড়া বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল, মেঘনা গ্রুপসহ দেশের বিভিন্ন ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় অংশ নেন।


বিএসটিআই বলছে, খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।


এমকে/বিএম২৪