একই দিনে পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন
সূত্রঃ সংগৃহীত
পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একসঙ্গে ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) ১ম সংশোধিত’ প্রকল্পের আওতায় এসব স্থাপনা নির্মাণ করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে স্থাপনাগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রথম সংশোধিত পর্যায়ে মোট ছয়টি স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন, ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র এবং ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে চারতলা খামার ভবন নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আনসার ব্যারাক, ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি এবং ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে আধুনিক আবহাওয়া স্টেশন নির্মাণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. ওবায়েদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে মানসম্মত অবকাঠামোর বিকল্প নেই। নতুন ছয়টি স্থাপনা উদ্বোধনের ফলে শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও উন্নত হবে।
তিনি বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে আরও নতুন স্থাপনা নির্মাণ করা হবে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, এসব রাষ্ট্রীয় সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও সবার সম্মিলিত দায়িত্ব।
এমকে/বিএম২৪









