৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরিচ্যুত
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
জুম কলে একসঙ্গে ৯০০ কর্মীকে ছাঁটাই করে বিশ্বজুড়ে আলোচনায় আসা ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিশাল গার্গ এবার নিজেই চাকরি হারিয়েছেন। প্রায় পাঁচ বছর আগে বহুল সমালোচিত ওই ছাঁটাইয়ের পর এবার নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকেই বিদায় নিতে হলো তাকে।
গত ৩ আগস্ট অনলাইন মর্টগেজ কোম্পানি বেটার হোম অ্যান্ড ফাইন্যান্স-এর প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে গার্গকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন হেজ ফান্ড ব্যবস্থাপক ড্যানিয়েল লুইস। গার্গকে সরিয়ে দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
তবে চাকরি হারিয়ে চুপ করে নেই গার্গ। তার দাবি, কৌশলের মাধ্যমে তাকে সরিয়ে পরিচালনা পর্ষদের আস্থা অর্জন করেছেন লুইস। গার্গের ভাষ্য, প্রায় ছয় মাস আগে লুইস তার সঙ্গে যোগাযোগ করে কোম্পানির ব্যয় কমানো ও মুনাফা বাড়ানোর বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন।
এরপর গত ২৭ জুলাই লুইসকে কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়। মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি অন্য পরিচালকদের গার্গকে সিইও পদ থেকে সরানোর বিষয়ে রাজি করান বলে অভিযোগ করেছেন গার্গ।
গার্গ বলেন, ‘আমার ধারণা, সে সবসময়ই সিইও হতে চেয়েছিল। বোর্ড ভুল সিদ্ধান্ত নিয়েছে।’
নিজের পদ ফিরে পেতে আইনি পদক্ষেপও নিয়েছেন গার্গ। এ জন্য তিনি প্রভাবশালী আইনজীবী অ্যালেক্স সাপিরোকে নিয়োগ করেছেন। পরিচালনা পর্ষদের কাছে পাঠানো চিঠিতে তাকে পুনরায় সিইও পদে ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।
গার্গ জানান, তিনি গত ১০ বছর ধরে কোম্পানিটি পরিচালনা করেছেন। কিছু ক্ষেত্রে বাস্তবায়নে ঘাটতি থাকলেও ‘বেটার’-এর ভবিষ্যৎ নিয়ে তিনি এখনও আশাবাদী।
যে ঘটনায় আলোচনায় এসেছিলেন গার্গ
২০২১ সালের ডিসেম্বরে একটি জুম কলে বেটারের প্রায় ৯০০ কর্মীকে চাকরিচ্যুত করেন বিশাল গার্গ। ওই কর্মীরা তখন কোম্পানিটির মোট কর্মীসংখ্যার প্রায় ৯ শতাংশ ছিলেন।
ছাঁটাইয়ের ধরন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন গার্গ। কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বাজারের দক্ষতা, কর্মদক্ষতা ও উৎপাদনশীলতার বিষয়গুলোকে ছাঁটাইয়ের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। চাকরিচ্যুতদের মধ্যে কোম্পানির বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (DEI) বিভাগের পুরো দলও ছিল।
প্রায় পাঁচ বছর পর সেই বহুল আলোচিত ছাঁটাইয়ের নেপথ্যের সিইও নিজেই চাকরিচ্যুত হলেন।
এমকে/বিএম২৪









