বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শিক্ষিকাকে বরখাস্ত করল কলেজ প্রশাসন
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাটের নন্দনগাছী কলেজের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তের আগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়নি বলে কলেজ কর্তৃপক্ষ স্বীকার করেছে।
সোমবার (১৭ আগস্ট) কলেজ গভর্নিং বডির জরুরি সভায় গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজ সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড পোস্ট করেন সোহেলী আক্তার। ফটোকার্ডে শেখ মুজিবুর রহমানের ছবি ও ‘গভীর শোক’ লেখা ছিল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা’।
পরদিন রোববার কলেজে গিয়ে অধ্যক্ষের কাছ থেকে মৌখিকভাবে ছুটি নেন তিনি। এর একদিন পরই জরুরি সভা করে তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় গভর্নিং বডি।
কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সোহেলী আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর দাবি, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়া যায় না। কলেজের শৃঙ্খলা বজায় রাখতেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, গভর্নিং বডির সদস্যরা আলোচনার পর সর্বসম্মতভাবে সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন।
তবে বরখাস্তের আগে তাঁকে শোকজ করা হয়নি বলে স্বীকার করেন সাইফুল ইসলাম। তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং পরবর্তী সময়ে তাঁকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হবে।
এদিকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন প্রভাষক সোহেলী আক্তার। তিনি বলেন, তাঁকে বরখাস্ত করা হয়েছে—এমন তথ্য তিনি জানেন না। তাঁর কী দোষ, সেটিও জানেন না বলে মন্তব্য করেন তিনি।
শোকজ ছাড়াই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে গভর্নিং বডির সভাপতি জানান, পরে সোহেলী আক্তারকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হবে।
তবে শোকজ ছাড়া সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা নির্ভর করবে সংশ্লিষ্ট চাকরিবিধি, কলেজ গভর্নিং বডির আইনগত ক্ষমতা এবং শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ দেওয়া হয়েছিল কি না—এসব বিষয় পর্যালোচনার ওপর।
এমকে/বিএম২৪









