স্কুলছাত্রকে পথরোধ করে মারধরের ভিডিও ভাইরাল, দুই কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রকে পথরোধ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও ত্রাস সৃষ্টির ঘটনায় পুলিশ দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে। গত ১৯ মে কোর্ট একাডেমীর ছাত্র রাফিদ হোসেন রাফিকে (১৩) মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ কমিশনারের নির্দেশে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (২২ মে) ভোরে রাজপাড়া থানার বুলনপুর এলাকা থেকে আসামি জহুরুল ইসলাম ওরফে সোহান (১৯) ও সোহাগ হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাফিদের সঙ্গে স্থানীয় এক কিশোরের কথা কাটাকাটি হয়। ওই বিরোধের জের ধরে ১৯ মে বিকেল ৩টার পর স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাজপাড়ার ফুড অফিসের সামনে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন কিশোর রাফিদের পথরোধ করে। দলবদ্ধভাবে এলোপাতাড়ি মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে ছিলা-ফোলা জখম করে তারা। এ সময় ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্তরা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয়। স্থানীয় ব্যক্তি মো. আব্দুর রশিদ (৩৫) এগিয়ে এসে ভুক্তভোগীকে উদ্ধার করেন।
হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি নজরে আসার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির রাজপাড়া থানা পুলিশকে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ভুক্তভোগীর পিতার লিখিত অভিযোগের ভিত্তিতে ২২ মে রাজপাড়া থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০১৯ এর ৪/৫ ধারায় মামলা রুজু করা হয় (মামলা নং-২৬)।
মামলায় গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম ওরফে সোহান ও সোহাগ হোসেন ছাড়াও সানজিদ (১৮), আবির (১৮) ও অনিক (১৯)-কে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে ভোরে তাদের বসতবাড়ি থেকে আটক করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








