রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে মতিহার ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ মে) সন্ধ্যা ও রাতে মহানগরীর দুই এলাকায় এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মতিহার থানার ধরমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মনসুরের ছেলে মো. তৌহিদ (৪০) এবং বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার গ্রামের মৃত সিরাজ উদ্দিন আকনের মেয়ে ও মৃত শহিদের স্ত্রী মোসা. মাসুদা (৫০)।
পুলিশ সূত্র জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতিহার থানার ধরমপুর দক্ষিণ পাড়া এলাকা থেকে তৌহিদকে এবং রাত ১১টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা থেকে মাসুদাকে আটক করা হয়। তাঁদের হেফাজত থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি তৌহিদের বিরুদ্ধে এর আগেও মতিহার থানায় দুটি মাদক মামলা চলমান রয়েছে। উভয় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









