শিশু রামিসা হত্যার বিচার দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
মো: বোরহান কবির, খুলনা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর খুলনা মহানগর শাখা শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি-সন্ত্রাসের অবসান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (২২ মে) খুলনা মহানগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়লাপোতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে”, “ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না”, “আমার বোন কবরে, প্রশাসন কি করে”, “বিচার চাই বিচার চাই, রামিসা হত্যার বিচার চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আজ অন্যায়-সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠেছে। ঘরে থাকা আমাদের মা-বোনেরাও আজ নিরাপদ নয়। শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।”
মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেন অনুষ্ঠানে সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম।









