শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৭:৫৬ এএম
শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।


শনিবার (৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের এক অপারেটর।


আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে সেখানে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।


বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের ওই অপারেটর জানান, আগুনের খবর পেয়ে ছয়জন কর্মকর্তা ঘটনাস্থলে যান। তবে প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানায়, বলাকা লাউঞ্জের রান্নাঘরে একটি কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


আগুনের সময় বলাকা লাউঞ্জে যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।


উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থিত বলাকা লাউঞ্জে যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের পাশাপাশি খাবার ও বসার বিভিন্ন সুবিধা রয়েছে।


এমকে/বিডিমেইল২৪