কুকুর পোশাক কামড়ে ধরলেও হাসিমুখে রাবিনা
সূত্রঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক
মুম্বাইয়ে ‘ওহ মাই ডগ’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে রেড কার্পেটে অপ্রত্যাশিত এক ঘটনার মুখোমুখি হন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় হঠাৎ একটি কুকুর তার পোশাকের ঝুলন্ত অংশ কামড়ে ধরে। তবে পুরো পরিস্থিতি অত্যন্ত শান্ত ও ধৈর্যের সঙ্গে সামলে নেন অভিনেত্রী।
প্রিমিয়ার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাকে হাজির হয়েছিলেন রাবিনা। রেড কার্পেটে থাকা একটি কুকুরকে আদর করার পর তিনি একা ছবি তুলতে দাঁড়ান। ঠিক তখনই কুকুরটি তার পোশাকের একটি অংশ কামড়ে ধরে ঘেউঘেউ করতে শুরু করে।
হঠাৎ এমন ঘটনায় সাধারণত আতঙ্কিত হওয়ার কথা থাকলেও রাবিনা কোনো ধরনের বিরক্তি বা অস্থিরতা প্রকাশ করেননি। বরং শান্তভাবে দাঁড়িয়ে থাকেন। পরে ডগ হ্যান্ডলাররা এসে কুকুরটিকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার পরও প্রাণীটির প্রতি বিরূপ আচরণ করেননি রাবিনা। বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তিনি আবারও কুকুরটির গায়ে হাত বুলিয়ে আদর করেন। তার এমন আচরণ উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় ঘটনাটির ব্যাখ্যা দেন রাবিনা। তিনি জানান, কুকুরটি তাকে আক্রমণ করার উদ্দেশ্যে পোশাক কামড়ে ধরেনি। রেড কার্পেটে থাকা অন্য একটি কুকুরকে দেখে সেটি উত্তেজিত হয়ে পড়েছিল। সেই সময়ই ভুলবশত তার পোশাকে কামড় দেয়।
রাবিনা বলেন, কুকুরটি তাকে আক্রমণ করতে চায়নি। অন্য একটি কুকুরকে দেখে উত্তেজিত হয়ে পড়ার কারণেই এমন ঘটনা ঘটেছে।
পশুপাখির প্রতি ভালোবাসার জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত রাবিনা ট্যান্ডন। এর আগেও মুম্বাইয়ের রাস্তায় আহত ও অসহায় কুকুর উদ্ধারে এগিয়ে এসে প্রশংসিত হয়েছেন তিনি। নিজের পোষা প্রাণীদের প্রতিও তার মমত্ববোধের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন এই অভিনেত্রী।
রেড কার্পেটে ঘটে যাওয়া এই অপ্রত্যাশিত ঘটনাতেও তার ধৈর্য, সংযম ও প্রাণীদের প্রতি ভালোবাসা নতুন করে প্রশংসা কুড়িয়েছে।
এমকে/বিএম২৪









