রশিদের ঘূর্ণিতে ২০৭ রানেই শেষ আয়ারল্যান্ড
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান আবারও বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন। কয়েক দিন আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ পাঁচ উইকেট নেওয়ার পর এবার জাতীয় দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। তার ঘূর্ণিতে মাত্র ২০৭ রানেই গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। ফলে ৯২ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান।
ব্রেডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির কারণে ম্যাচটি ৪৭ ওভারে নেমে আসে। আগে ব্যাট করে ইব্রাহিম জাদরানের ৮৪ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ৮ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। সেদিকউল্লাহ অটল করেন ৪৫ রান। আয়ারল্যান্ডের হয়ে মার্ক অ্যাডায়ার ও জয় মুন্দ্রা দুটি করে উইকেট নেন।
২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেছিল আয়ারল্যান্ড। ১৪.১ ওভারে ১ উইকেটে ৯৬ রান তুলে ফেলেছিল স্বাগতিকরা। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন রশিদ খান। তার দুর্দান্ত স্পিনে একের পর এক উইকেট হারাতে থাকে আইরিশরা। শেষ পর্যন্ত ৩৩.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন কেড কারমাইকেল।
রশিদ মাত্র ৩৪ রান দিয়ে শিকার করেন ৬ উইকেট। আয়ারল্যান্ডের শেষ সাত উইকেটের চারটিই নেন তিনি। মাত্র ৯ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা। ৭.৪ ওভার বোলিং করে রশিদ করেছেন ৪৬টি বৈধ ডেলিভারি, যার ২৩টিই ছিল ডট বল। দুর্দান্ত এই পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
এ নিয়ে ওয়ানডেতে এক ইনিংসে অন্তত পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রশিদের সাতবার হলো। বর্তমান সময়ের স্পিনারদের মধ্যে ওয়ানডেতে তার চেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড আর কারও নেই। এ ছাড়া ওয়ানডেতে এক ইনিংসে ৬ উইকেট নেওয়ার কীর্তি এটি রশিদের তৃতীয়বার।
ওয়ানডেতে এক ইনিংসে ছয় উইকেট নেওয়ার তালিকায় রশিদের সামনে এখন শুধু পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস। তিনি পাঁচবার এই কীর্তি গড়েছেন। আর রশিদের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার ১৮ রানে ৭ উইকেট, যা তিনি ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন।
সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির প্রভাব থাকলেও রশিদের ঘূর্ণিতে দারুণ জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান।
এমকে/বিএম২৪









